13/10/2022
শরতের এই সুন্দর আলোক উদ্ভাসিত দিনে সাদা মেঘের ভেলায় ভেসে আমরা উন্মোচিত করতে চলেছি আমাদের প্রাণের সংগঠন সাপ্পোরো ডেন্টাল কলেজ এলামনাই এসোসিয়েশনের নতুন লোগো।
একটি লোগো একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে। তাই এই লোগো নির্বাচনের ক্ষেত্রে আমাদের অনেক বিষয়ে চিন্তার প্রতিফলন ঘটাতে হয়েছে।
প্রথম যে বিচার্য বিষয় ছিল তা হচ্ছে ইউনিফর্মিটি বা সমরূপতা, অর্থাৎ যে মাধ্যমেই যাক না কেন এবং যে আকার ই হোক না কেন, লোগো যেন স্পষ্ট বোঝা যায় এবং বদলে না যায়। আর দ্বিতীয়ত, মডার্নিজম বা আধুনিকতা, যেন আজ যে লোগো ডিজাইন হয়েছে, ১৫ বছর পরেও সেই ডিজাইন ল্যাংগুয়েজ টা প্রাসংগিক থাকে, পুরনো যেন না মনে হয়।
আমাদের মাদার ইন্সটিটিউট সাপ্পোরো ডেন্টাল কলেজে এর সাথে মিল রেখে আমাদের এলামনাইয়ের মূলমন্ত্র Family, Education, Support.
তারই সমান্তরালে লোগোর গাছটি একটি পরিবারকে প্রতিনিধিত্ব করছে। যার গোড়াতে কলমের নিবে যেন মাটির গভীরে প্রথিত রয়েছে শিক্ষা। আর বাড়ানো রয়েছে সাহায্য এবং সহযোগিতার হাত। সামগ্রিক ভাবে প্রতিষ্ঠানের মূলে আছে সকল ছাত্র-ছাত্রীদের মাঝের সৌহার্দ্য ও সম্পৃতির মেলবন্ধন।
নতুন লোগোর উন্মোচনের সাথে আমরা নবগঠিত কমিটির সদস্যরা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, সাপ্পোরো ডেন্টাল কলেজ এলামনাই এসোসিয়েশন সব সময় ই সাপ্পোরো ডেন্টাল কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী দের একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে, সে লক্ষ্যে আমরা সর্বাত্মক ভাবে কাজ করে চলেছি। আমরা চেষ্টা করছি একটি নিয়মিত ফরম্যাট তৈরী করতে এবং সম্পূর্ন এলামনাই কে একটি সার্বজনীন নিয়মে নিয়ে আসতে যেন পরিচালনা পর্ষদের পরিবর্তন সত্ত্বেও এলামনাই এর কার্যক্রম কোনোভাবে ব্যহত না হয়। এর জন্য আমরা সাপ্পোরো ডেন্টাল কলেজ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আশা করছি।
রবীন্দ্রনাথ বলেছিলেন,
"অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো
সেই তো তোমার আলো।
সকল দ্বন্দ্ব-বিরোধ-মাঝে জাগ্রত যে ভালো,
সেই তো তোমার ভালো।"
সাপ্পোরো ডেন্টাল কলেজ এলামনি এসোসিয়েশন হতে চায় সেই আলোর উৎস, যা দূর করবে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সকল আঁধার।
অচিরেই আমরা আমাদের নতুন কর্মসূচী ঘোষণা করতে চলেছি। ততদিন পর্যন্ত আমাদের সাথেই ধৈর্য্য ধরে থাকার জন্য সকলকে জানাই ধন্যবাদ ও শুভকামনা।