10/02/2024
দাঁতে যে পোকা হয়না এর প্রমাণ কী? বেদেরা দাঁতের পোকা কিভাবে বের করে?
দাঁত ক্ষয় হওয়ার পেছনে কি পোকা দায়ী? উত্তর খুব পরিষ্কার- 'না'। কিন্তু বেদেরা তো দাঁত থেকে পোকা বের করে। এতে ব্যথাও ভাল হয়। এটা কিভাবে হয় তাহলে?
আগে বুঝেন, আপনারা যে দাঁতের পোকা বলেন এগুলো আসলে কী? বেদেরা যেটা বের করে সেটা আসলে কোনো পোকার ডিম, লার্ভা বা পিউপা দশা। পোকা ছাড়াও আরো কিছু প্রাণীর লার্ভা হয়। এগুলো প্রকৃতিতে খুবই সহজলভ্য। যত ধরণের পোকা দেখেন তারা শতকরা ৭৫ ভাগ ডিম-লার্ভা-পিউপা-এডাল্ট এ চার ধাপে জীবনচক্র সম্পন্ন করে।
আপনাকে লার্ভা খুঁজতে হবেনা। কিছু ভাত বা অন্য খাদ্যদ্রব্য স্যাঁতস্যাঁতে পরিবেশে কয়েকদিন রেখে দিলে পচে যায়, এর মধ্যে maggot জন্ম নেয়। এগুলো মাছির লার্ভা।
বেদেরা কোথাও থেকে এরকম পোকার ডিম, লার্ভা বা পিউপা সংগ্রহ করে তুলা বা কিছুর মধ্যে কৌশলে ঢুকিয়ে আপনার মুখে দিয়ে দেয়। তুলা মুখে দেয়া থেকে শুরু করে বের করা পর্যন্ত কোনো একটা সময় এগুলো তুলার মধ্যে ঢুকিয়ে দিলেই হল। এরা হাত সাফাইয়ে অত্যন্ত দক্ষ হয়, ছোটবেলা থেকে বাচ্চাদের এসব প্রতারণা হাতে-কলমে শেখানো হয়। বেদেদের যাদের আয়-রোজগারের উপায় এটি এরা সব সময় এই অনুশীলনের মধ্যে থাকে। আপনি বুদ্ধিমান হলেও হাত সাফাই সহজে ধরতে পারবেন না। হাত সাফাই জিনিসটা খুব সহজ মনে হতে পারে। কিন্তু আমি এমন অনেক হাত সাফাই দেখেছি যে ভিডিও করে, এটা স্লো মোশনে চালিয়েও কৌশল ফাঁস করতে পারিনি, যদিও জিনিসটা আমার জানা।
কিন্তু আপনি খুব সহজেই এদের কৌশল ধরতে পারবেন-
প্রথমত, তুলা বা এরকম কিছু দিয়ে পোকা বের করতে চাইলে আপনি আপনার নিজস্ব তুলা ব্যবহার করবেন। এ তুলা তাদের হাতে দিবেন না। অর্থাৎ তাদেরকে তাদের কৌশল প্রয়োগ করার কোনো সুযোগই দিবেন না। আপনি সে তুলা নিজে মুখের মধ্যে ঢুকাবেন, নিজে বের করবেন, সে তুলা যেন আপনার নিজের হয়। তাহলে আর পোকা বেরোবে না। এরকম করতে চাইলে তারা কখনো রাজি হয় না, আপনি নিজে তুলা দিলেও সে তুলাকে তারা স্পর্শ করতে চায়। অন্তত তাদের হাত দিয়ে তুলাটা বের করতে চায়। মানে বুঝতে পারছেন।
দ্বিতীয়ত, দাঁত থেকে যে পোকা বেরোয় সেগুলোর ছবি তুলবেন। তারপর সার্চ দিয়ে দেখবেন এগুলো কোন পোকার লার্ভা। তাহলেই ধরে ফেলতে পারবেন, এরা কোন পোকার লার্ভা আপনার মুখে ঢুকিয়ে বের করেছে।
তৃতীয়ত, আপনার কমনসেন্স থাকা উচিত। এ ধরনের লার্ভা আপনার দাঁতে বেচে থাকতে পারে না। দাঁত এদের খাদ্য না। এরা জীবাণু না। এসব লার্ভা কিছুদিন খেয়েদেয়ে বড় হয়ে পোকা হবে, উড়বে। একটা ছবি দিয়েছি। মাছির জীবনচক্র দেখেন। এসব লার্ভা দীর্ঘদিন আপনার দাঁতের মধ্যে বসে বসে সেগুলো খেয়ে জীবন ধারণ করেনা।
চতুর্থত, যারা ডাক্তার, সারাজীবন এগুলো নিয়ে গবেষণা করেন তারা এসব পোকা পান না। পায় বেদেরা। এর চেয়ে হাস্যকর আর কী হতে পারে!
অলৌকিক ঘটনাবলী নিয়ে ঘাটানো আমার একটা অতি গুরুত্বপূর্ণ কাজ। বেদেদের কারো কাছ থেকে স্বীকারোক্তি আদায় করতে পারিনি তবে একজন আমাকে দাঁতের পোকা বের করার মন্ত্র শিখিয়ে দিয়েছিল। মন্ত্রটি ননসেন্স ও ফানি।
আপনি অবুঝ হওয়ার ফলে এরা হয়ত কোনো আবর্জনা থেকে লার্ভা সংগ্রহ করে ময়লা হাত আপনার মুখের মধ্যে ঢুকিয়ে আপনার সাথে প্রতারণা করে আপনার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়। আর আপনি তাতে অনেক খুশি।
দাঁতের পোকা বের করার আরো কৌশল আছে। গাছের শেকড়, ঘাস-লতা-পাতা এগুলোতে সরিষার তেল বা এরকম কিছু দিয়ে আপনি মুখ হা করে ফু দিবেন। কিন্তু পোকা আসলে বেরোবে শেকড়, ঘাস-লতা-পাতা এগুলো থেকে। চমৎকার, তাই না!
কিন্তু পোকা বের করার ফলে ব্যথা কেন কমে? একে বলে প্লাসিবো ইফেক্ট। এর ফলে কিছুদিনের জন্য ব্যথা দূর হতে পারে। পরে দাঁত আরো ক্ষয় হয়ে গেলে ব্যথা পুনরায় দেখা দেবে, এতে সমস্যা বাড়বে। দাঁত ক্ষয় হলে ডাক্তার দেখান। ডাক্তার যে পরামর্শ দেবেন সেটা মেনে চলেন। দাঁত ক্ষয় হয়ে গেলে একে সিরিয়াসলি নিতে হবে। প্রতারক থেকে অনেক দূরে থাকুন।