30/05/2026
ঈদে মাংস খাওয়া যেমন আনন্দের, তেমনি দাঁতের ফাঁকে মাংস আটকে যাওয়া একটি সাধারণ সমস্যা। কুরবানির পর মাংস খাওয়ার সময় প্রায়ই এমন অস্বস্তিতে পড়তে হয়। দাঁতের ফাঁকে মাংসের আঁশ আটকে যাওয়া শুধু বিরক্তির কারণই নয়, এটি দাঁত ও মাড়ির স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে। মাড়িতে প্রদাহ বা সংক্রমণ, এমনকি ক্যাভিটির ঝুঁকিও বাড়ে। তাই কুরবানির ঈদে দাঁতের ফাঁকে মাংস আটকালে দ্রুত এবং সঠিক উপায়ে এই সমস্যার সমাধান করা জরুরি।
✅ দাঁতের ফাঁকে খাবার আটকে যাওয়ার কারণ :
দাঁতের গঠনগত ত্রুটি, আঁকাবাঁকা দাঁত, দাঁতের মাঝে অতিরিক্ত ফাঁকা স্থান, পুরনো ও ত্রুটিপূর্ণ ফিলিংয়ের কারণে খাবারের কণা সহজেই আটকে যেতে পারে। মাংসের আঁশ বা তন্তুযুক্ত খাবার এই সমস্যাটি বেশি তৈরি করে, কারণ এগুলো সহজে ভেঙে যায় না।
✅ দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে যে সব সমস্যা হতে পারে :
★ দাঁতের ফাঁকে মাংস আটকে গিয়ে মাড়িতে ইনফেকশন করতে পারে।
★ দাঁত ব্যাথা হতে পারে।
★ দাঁতের মাড়ি ফুলে যেতে পারে।
★ দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে।
★ মুখে দুর্গন্ধযুক্ত শ্বাস-প্রশ্বাস হতে পারে।
★ ধীরে ধীরে দাঁতের ক্যাভিটি তৈরি করে দাঁতের ক্ষয় হতে পারে।
✅ দাঁতের ফাঁকে মাংস আটকালে করনীয় :
দাঁতের ফাঁকে মাংস বা অন্য কোনো খাবার আটকে গেলে তা বের করার জন্য কিছু সহজ পদ্ধতি অবলম্বন করতে পারেন :
★ কুলকুচি করা : হালকা কুসুম গরম বা উষ্ণ পানি দিয়ে ভালোভাবে কুলি করার চেষ্টা করুন। ১ চা চামচ লবণ মেশানো পানি দিয়ে কুলি করলে আরও ভালো ফল পাওয়া যেতে পারে, কারণ লবণ পানি মাড়ির প্রদাহ কমাতেও সাহায্য করে। বেশ কয়েকবার জোরে কুলি করলে অনেক সময় আটকে থাকা খাবার বেরিয়ে আসে।
★ ডেন্টাল ফ্লস ব্যবহার : ডেন্টাল ফ্লস হলো দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার বের করার সবচেয়ে কার্যকর উপায়। একটি ছোট অংশ ফ্লস দাঁতের ফাঁকে আলতো করে ঢুকিয়ে ওপর-নিচে এবং পাশাপাশি নড়াচড়া করুন। তবে সতর্ক থাকুন, অতিরিক্ত জোরে ফ্লস করলে মাড়িতে আঘাত লাগতে পারে।
★ ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার : যদি হাতের কাছে ডেন্টাল ফ্লস না থাকে, তবে ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করতে পারেন। ইন্টারডেন্টাল ব্রাশ দাঁতের ফাঁকা স্থান পরিষ্কার করার জন্য বিশেষভাবে তৈরি, যা অপেক্ষাকৃত নিরাপদ।
★ মাউথওয়াশ ব্যবহার : এন্টিসেপটিক মাউথওয়াশ দিয়ে কুলি করলে খাবার বের হওয়ার পাশাপাশি মুখগহ্বরের জীবাণুও দমন হবে, যা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করবে।
★ দাঁত ব্রাশ করা : খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই দাঁত ব্রাশ করতে হবে। এতে খাবার আটকে থাকার সম্ভাবনা কমে যায় এবং মুখের স্বাস্থ্যও ভালো থাকে।
❎ যা করা উচিত নয়:
★ ধারালো কিছু ব্যবহার:
সেফটি পিন, টুথপিক, কাপড়ের সুতা, শক্ত কাঠি, শলা, দিয়াশলাই বা ম্যাচ বক্সের কাঠি, সুঁই বা অন্য কোনো ধারালো বস্তু দাঁতের ফাঁকে ঢোকানোর চেষ্টা করবেন না। এতে দাঁত বা মাড়ির মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি সংক্রমণও ছড়াতে পারে।
★ অতিরিক্ত চাপ দেওয়া :
আটকে থাকা খাবার বের করতে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না। এতে দাঁত বা মাড়ির গঠন নষ্ট হতে পারে।
✅ দাঁতের ডাক্তারের কাছে যাবেন যখন :
যদি উপরোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করার পরেও খাবার বের না হয়, অথবা যদি দাঁতে ব্যথা, মাড়িতে ফোলা বা রক্তপাত দেখা দেয়, তাহলে দেরি না করে আপনার নিকটস্থ বিডিএস ডাক্তারের পরামর্শ নিন।
এতে ঐ ডাক্তারের মাধ্যমে নিরাপদে আটকে থাকা খাবার বের করতে পারবেন এবং এর পেছনের কারণ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারবেন। বছরে অন্তত ২ বার দাঁতের ও মাড়ির জন্য বিডিএস ডাক্তারের কাছে চেকআপ করিয়ে কোন সমস্যা থাকলে, সেগুলোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা করিয়ে নিবেন।
আর আপনাদের দাঁত এবং মাড়ির যে কোন সমস্যার জন্য দেরি না করে যোগাযোগ করুন আমাদের সতেজ ডেন্টাল কেয়ারে।
★ ঠিকানা :
সেকশন : ০১, বাসা নং : ০২, রোড নং : ০২, ব্লক : সি, হাউজিং এস্টেট, কুমিল্লা।
★ সিরিয়ালের জন্য যোগাযোগ করুন :
০১৮১১-৪৮২৮৯২/ ০১৭৩০-৩৯৮৮৮৬।