18/04/2022
💥 রামাদ্বানে মুখে দুর্গন্ধ, করণীয় ও প্রতিকার💥
চলছে মাহে রামাদ্বান।
সিয়াম সাধনার এই মাসে ধর্মপ্রাণ মুসলিম মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টির উদ্দেশ্যে সারাদিন সমস্ত পানাহার থেকে বিরত থাকে।
কিন্তু দীর্ঘসময় না খেয়ে থাকার ফলে অনেক সময় মুখে দুর্গন্ধ হয়। বিশেষ করে পবিত্র রামদ্বান মাসে একটানা রোজা রাখার কারণে শরীরে পানিশূন্যতার সৃষ্টি হয়। এ কারণে মুখ শুকিয়ে যাওয়ায় নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে।
এছাড়া দাঁত, জিহ্বা ও মুখের ভেতর ভালো করে পরিষ্কার করা না হলেও দুর্গন্ধ হওয়াটা স্বাভাবিক। রোজার সময় মুখের দুর্গন্ধ নিয়ে অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
তবে কয়েকটি বিষয় মেনে চললে আপনি রোজা রেখেও মুখের দুর্গন্ধ এড়াতে পারবেন। এজন্য মৌখিক পরিচ্ছন্নতা জরুরি। চলুন তবে জেনে নিই রামাদ্বান মাসে মুখের দুর্গন্ধ দূর করতে কী কী করবেন-
🎇 সেহরির পরে ভালো করে দাঁত ব্রাশ করুন। ব্রাশ করলেই দাঁতের প্রায় ৬০ শতাংশই পরিষ্কার হয়। এরপর ভালো করে কুলি করবেন।
🎇 খাবারের অবশিষ্টাংশ দাঁতের গোড়ায় আটকে থেকে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। এজন্য ডেন্টাল ফ্লস ব্যবহার করুন।
🎇 অনেকেই জিহ্বা পরিষ্কার করেন না। এর ফলেও কিন্তু মুখে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। তাই দৈনিক জিহ্বা পরিষ্কার করাও জরুরি।
🎇 ঘুমানোর আগে মুখে মেন্থল গাম ব্যবহার করতে পারেন।
🎇 গোলাপ জল দিয়ে গার্গল করলেও এ সমস্যা দূর হবে।
🎇 বেকিং সোডা এবং লেবুর রসঃ
দুই চা চামচ লেবুর রসে বেকিং সোডা ও লবণ মিশিয়ে মুখ কুলকুচি করতে পারেন। এটি মুখে দুর্গন্ধ তৈরিকারী ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করবে।
🎇 লবঙ্গঃ
এক গ্লাস পরিমাণ পানিতে কয়েকটি লবঙ্গ সিদ্ধ করুন। সেহরির সময় খাওয়ার পর এই পানি দিয়ে গারগল করুন। মুখ কুলিও করতে পারেন। তবে সতর্ক হোন, পানি যেন পাকস্থলীতে চলে না যায়।
🎇 কাঁচা পেঁয়াজ, রসুনঃ
কাঁচা পেঁয়াজ এবং রসুন খেলে মুখে বাজে গন্ধের তৈরি হয়। ব্রাশ করার পরও অনেক সময় এই গন্ধ মুখে থেকে যায়। তাই এ জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন।
🎇 সেহরিতে স্বাস্থ্যকর খাবার খানঃ
সেহরিতে তাজা ফলের পাশাপাশি প্রচুর পরিমাণে সবজি খান। এগুলো রোজাতেও আপনার নিশ্বাসকে সতেজ রাখতে সাহায্য করবে।
🎇 পনিরঃ
যদি কেউ পনির খেতে পছন্দ করেন তবে অবশ্যই সেহেরির সময় এটি খাবেন না। কেননা এটিও মুখে দুর্গন্ধ হওয়ার বড় কারণ। আর যদি খাওয়ার জন্য খুবই আগ্রহী হন, তাহলে এক টুকরো লেবুর মধ্যে লবণ দিয়ে চুষতে পারেন। এটিও মুখের দুর্গন্ধসৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করে।
🎇 পানি পান করুনঃ
পানিশূন্যতা বা ডিহাইড্রেশনও মুখে দুর্গন্ধের অন্যতম কারণ। তাই রোজার সময়টায় প্রচুর পরিমাণ পানি পান করা প্রয়োজন।
🎇 মাউথ ওয়াশ এবং মেসওয়াকঃ
মুখ পরিষ্কারের জন্য এবং মুখের দুর্গন্ধ দূর করার জন্য খাবারের পর মেশওয়াক অথবা মাউথ ওয়াশ দিয়ে দাঁত পরিষ্কার করতে পারেন।
🎇 ধূমপান ত্যাগ করুন।
🎇 স্বাস্থ্যকর ও সুষম খাদ্য খান। তীব্র স্বাদযুক্ত বা মসলাদার খাবার এড়িয়ে চলুন।
সকলের সুস্থতা কামনায়......
ডা. মু. মুশফিক বিন হুদা
বিডিএস
চট্টগ্রাম মেডিকেল কলেজ
স্পেশাল ট্রেইন্ড ইন এস্থেটিক ডেন্টিস্ট্রি
স্পেশাল ট্রেইন্ড ইন ফিক্সড প্রস্থেসিস।
ডেন্টাল সার্জন
স্মাইল আপ ডেন্টাল ক্লিনিক।